রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাচ্চুসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ এবং মেসার্স নির্মাণ প্রকৌশলীর মালিক আবু সাইদ খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের চতুর্থ ও পঞ্চম তলার কাজ সম্পন্ন না করেই এক কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০৬ টাকা আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি করা হয়।
