ঘূর্ণিঝড় ‘মোন্থা’র তাণ্ডবে অন্ধ্র প্রদেশে একজন নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়ার ফলে অন্তত একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোনাসীমা জেলায় একটি ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার প্রাণহানি ঘটে। এসময় আহত হন এক কিশোর এবং একজন অটোরিকশা চালক।

ঘণ্টায় ১১০ কিলোমিটার গতির বাতাস নিয়ে আছড়ে পড়া এই ঝড়ের কারণে অন্ধ্র প্রদেশের বহু গাছপালা ভেঙে পড়ে এবং কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশের রাজ্য ওড়িশার ১৫টি জেলায়ও জনজীবন বিপর্যস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মোন্থা কাকিনাড়া এলাকার মাধ্যমে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাকিনাড়া, কৃষ্ণা, এলুরু, পূর্ব ও পশ্চিম গোদাবরী, ড. বি আর আম্বেদকর কোনাসীমা, আল্লুরি সিতারামা রাজু জেলার চিন্তুরু ও রামপাচোদাভারাম এলাকায়।

রাজ্য সরকার রাত সাড়ে ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এছাড়া উপড়ে পড়া গাছ সরাতে ১ হাজার ৪৪৭টি আর্থমুভার, ৩২১টি ড্রোন এবং ১,৪০টি চেইন প্রস্তুত রাখা হয়। নিচু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে।

সতর্কতামূলকভাবে বিশাখাপত্তম বিমানবন্দর থেকে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব ফ্লাইট বাতিল করা হয়। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রে, কাকিনাড়া, বিশাখাপত্তম ও ভীমবরম হয়ে চলাচল করা অন্তত ৬৫টি ট্রেন মঙ্গলবার এবং বুধবার বাতিল করা হয়েছিল।

স্থলভাগে উঠে আসার পথে মোনথা প্রচুর বৃষ্টি ঝরিয়েছে। নেল্লোর জেলার উলাভাপাডুতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২.৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোন্থা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২৪ অক্টোবর লঘুচাপ হিসেবে গঠিত হওয়ার পর ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। আঞ্চলিক সাইক্লোন সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী থাইল্যান্ডের দেওয়া নাম ‘মোন্থা’, যার অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছিল। তবে বাংলাদেশে বড় কোনো দুর্যোগ হয়নি, কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, মোন্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ঝুঁকি কেটে যাওয়ায় সমুদ্র বন্দরে সংকেত নামানো হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে সতর্ক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত