বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু বলেছেন, তারেক রহমান দেশে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আসা করছি আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে তিনি দেশে চলে আসবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডের পাশে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিয়া নূরউদ্দিন অপু বলেন, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের সড়কে নির্বাচনের প্রচারনায় সময় হত্যার উদ্দেশ্যে আমার ওপরে নির্মমভাবে আঘাত করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি ভালোবাসতে এসেছিলাম শরীয়তপুরকে। কিন্তু আমার বুক থেকে সেইদিন ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমি প্রতিশোধ নিতে চাই না। আমরা সেইদিনের ভালোবাসার প্রতীককে অব্যাহত রাখার সার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামীতে শরীয়তপুর জেলার তিনটি আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিয়ে সেই দিনের প্রতিশ্রুতি ও সেই দিনের প্রতিশোধ গ্রহণ করব।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহসভাপতি কর্নেল এসএম ফয়সাল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দীন আহমেদ জিন্টু, জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, টিআইএম মহিতুল গনি মিন্টু সরদার, মাহবুব আলম তালুকদার প্রমূখ।
এরআগে সকাল ১১টায় জাজিরার নাওডোবা থেকে পথসভা শুরু করেন। শরীয়তপুর সদরের কয়েকটি স্থানে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অপু। এরমধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিনের বাড়িতে পথসভায় অংশগ্রহণ করেন।
পরে পানি উন্নয়ন বোর্ডের সামনে পথ সভায় ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রুহুল আমিন মুন্সী, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি এইচএম জাকির হোসেন প্রমূখ।
