জেমিমার দুর্দান্ত ব্যাটিংয়ে রানতাড়ার রেকর্ড গড়ে ফাইনালে ভারত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৯ এএম

নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল ভারত। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে হারমানপ্রিত কৌরের দল। ওয়ানডেতে সর্বোচ্চ ৩৩৯ রানতাড়ার রেকর্ড গড়েছে তারা

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে করে ৪৯.৫ ওভারে তোলে ৩৩৮ রান। ফিবি লিচফিল্ডের ১১৯ রানের দারুণ ইনিংস, এলিস পেরির ৭৭ ও অ্যাশলে গার্ডনারের ৬৩ রান ভারতকে চাপে ফেলে দিয়েছিল। 

রেকর্ড রান তাড়া করতে নেমে ভারতের সূচনা ভালো হয়নি। শেফালি বর্মা দ্রুত ফিরে গেলে দল পড়ে চাপে। এরপর মাঠে নামেন জেমিমা রদ্রিগেজ। তৃতীয় উইকেটে অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ১৬৭ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচের গতিপথ বদলে দেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।

রদ্রিগেজ অপরাজিত থাকেন ১২৭ রানে (১১৪ বলে), যেখানে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে হারমানপ্রিত করেন ৮৯ রান। শেষ দিকে রিচা ঘোষের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস (২৪ বলে ৩৪) ভারতকে এনে দেয় ঐতিহাসিক জয়—৯ বল হাতে রেখে ৫ উইকেটে ৩৪১ রান।

এই জয়ে ভারত শুধু ইতিহাসই গড়েনি, অস্ট্রেলিয়ার টানা ১৬ ম্যাচের বিশ্বকাপ জয়ের রেকর্ডও থামিয়ে দিয়েছে। ২০১৭ সালের পর এই প্রথমবার ভারত নারী দল বিশ্বকাপ ফাইনালে উঠল।

আগামী রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটি হবে প্রথম ফাইনাল, যেখানে না থাকবে অস্ট্রেলিয়া, না থাকবে ইংল্যান্ড।

সংক্ষেপে ফলাফল:

অস্ট্রেলিয়া নারী দল: ৩৩৮ (লিচফিল্ড ১১৯, পেরি ৭৭, গার্ডনার ৬৩, চারানি ২/৪৯, দীপ্তি ২/৭৩)

ভারত নারী দল: ৩৪১/৫ (রোদ্রিগেজ ১২৭*, হরমনপ্রিত ৮৯, গার্ড ২/৪৬)

ফল: ভারত নারী দল ৫ উইকেটে জয়ী

বিশ্বকাপ ফাইনাল: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ২ নভেম্বর ২০২৫

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত