'বিশ্বাসঘাতক' লাপোর্তার বিরুদ্ধে ভোটের মাঠে নামছেন মেসি 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

লিওনেল মেসি নাকি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে চান, এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে স্প্যানিশ দৈনিক 'এবিসি'।

যদিও মেসি নিজে প্রার্থী হবেন না, তবে তিনি হুয়ান লাপোর্তাকে ক্ষমতাচ্যুত করতে কোনো শক্তিশালী প্রার্থীর পক্ষে দাঁড়াতে পারেন।

সূত্রের দাবি, আর্জেন্টাইন কিংবদন্তি কেবল তখনই কোনো প্রার্থীর পক্ষে দাড়াবেন, যখন তিনি নিশ্চিত হবেন যে ঐ প্রার্থী জিততে পারেন। 
২০২৬ সালের মার্চ থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বার্সেলোনা ক্লাবের পরবর্তী নির্বাচন। বর্তমান প্রেসিডেন্টি হুয়ান লাপোর্তা ইতোমধ্যেই পুনর্নির্বাচনে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এবার তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন তারই সাবেক অধিনায়ক, অন্তত প্রভাবের দিক থেকে।

চার বছর আগের ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। তখন মেসি নিজে ছেলেকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন লাপোর্তার পক্ষে। কিন্তু কয়েক মাসের মধ্যে যা ঘটেছিল, তা এখনো ভুলতে পারেননি তিনি।

লাপোর্তা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেসির চুক্তি নবায়ন হবে। চুক্তির সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ক্লাবের আর্থিক সংকটের কারণ দেখিয়ে লাপোর্তা পিছু হটেন। মেসি ও তার পরিবার এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেন। এরপর থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। 

এবিসি জানাচ্ছে, 'ক্লাবের ভেতরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগ করেছেন' তার অবস্থান জানার জন্য। মেসির উত্তর ছিল পরিষ্কার,  “আমি এখনও সিদ্ধান্ত নিইনি, তবে লাপোর্তাকে আমি সমর্থন করব না।” মেসি জানিয়েছেন, যদি কোনো শক্তিশালী, ঐক্যবদ্ধ ও বাস্তবসম্মত প্রচারণা শুরু হয়, তাহলে তিনি প্রকাশ্যে তার সমর্থন জানাতে দ্বিধা করবেন না। মেসি প্রচারণার শেষ দিকে কৌশলগতভাবে নিজের অবস্থান জানাতে পারেন, যাতে তা ভোটের ফলাফলে প্রভাব ফেলে।

মেসি বার্সেলোনার আজীবন সদস্য এবং ভোটার। তার মতো প্রায় দেড় লাখ ভোটার (সোসিও) ৬ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন। ২০২১ সালের নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছিলেন লাপোর্তা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত