আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর হাফিজ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আজ শনিবার (১ নভেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, তারা সনদ সম্পন্ন করবেন। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।

মেজর (অব.) হাফিজ বলেন, নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছাসত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে।

যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এমন অভিযোগ তুলে মেজর (অব.) হাফিজ বলেন, এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এ সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বলেও উল্লেখ করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত