চলে গেলেন প্রবীণ সংবাদপত্র এজেন্ট আনোয়ার হোসেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সংবাদপত্র পরিবেশক ও আনোয়ার সংবাদপত্র এজেন্সির মালিক আনোয়ার হোসেন (১০৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি তিন পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর টঙ্গীর পাগাড় পশ্চিমপাড়া (আটারকল) জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে লাশ স্থানীয় মরকুন সিটি গোরস্তানে দাফন করা হয়। পাকিস্তান আমলের শুরু থেকে পত্রিকা সরবরাহের পেশায় যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। পঞ্চাশের দশকে তার প্রতিষ্ঠিত ‘আনোয়ার সংবাদপত্র এজেন্সি’র মাধ্যমে তিনি টঙ্গী, উত্তরা, ঢাকা ক্যান্টনমেন্ট ও গাজীপুর জুড়ে বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদপত্র বিতরণ করতেন। সাত দশকের বেশি সময় ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে এ পেশায় অবদান রাখায় তিনি পরিবেশক সমাজে ‘প্রবীণ এজেন্ট আনোয়ার’ নামে পরিচিতি লাভ করেন।

মরহুমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মো. হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সভাপতি দেলোয়ার হোসেন, টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মো. মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত