জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানি মামলা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২০ পিএম

সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন। 

ড. নাহরিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রেজিস্টার পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনের ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলায় প্রচারিত একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে অধ্যাপক জাহিদুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন। 

অনুষ্ঠানে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের বিষয়ে জামায়াতের স্থানীয় নেতার একটি বিতর্কিত মন্তব্য ছিল। পরবর্তীতে উক্ত অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকারে দেখা যায়, জামায়াত নেতা সেখানে বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের কর্মীরা হয়রানির শিকার হয়েছেন, তবে জামায়াতের পক্ষ থেকে কাউকে হয়রানি করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের অনেক ভোট জামায়াতের দিকে আসবে বলে তাদের ধারণা।

অধ্যাপক জাহিদুল ইসলাম মামলায় দাবি করেন, ড. নাহরিনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অপমানজনক। এতে তার ব্যক্তিগত সুনাম এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, এ ধরনের মন্তব্য জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।

আইনজীবী আবু তালেব আকন্দ জানান, মামলার সঙ্গে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় প্রমাণ দাখিল করা হয়েছে এবং আদালত তা প্রাথমিকভাবে গ্রহণ করে পরবর্তী আইনগত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত