লুইস দিয়াজের দুর্দান্ত জোড়া গোলে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁর (পিএসজি) বিপক্ষে ২-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ১০ জনের বায়ার্ন মিউনিখ। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের ধারা বজায় রাখল ভিনসেন্ট কম্পানির দল। চ্যাম্পিয়নস লিগেও চার ম্যাচে চার জয় নিয়ে তারা গ্রুপ পর্বের শীর্ষে অবস্থান করছে।
তবে ম্যাচটি দিয়াজের জন্য ছিল মিশ্র অনুভূতির। চতুর্থ মিনিটেই গোল করে বায়ার্নকে এগিয়ে দেন তিনি। এরপর ৩২তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। কিন্তু বিরতির ঠিক আগে আশরাফ হাকিমিকে পেছন থেকে বিপজ্জনক ট্যাকল করার কারণে প্রথমে হলুদ, পরে ভিএআরের পর্যালোচনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান উইঙ্গার।
মরক্কোর ডিফেন্ডার হাকিমি এসময় গুরুতরভাবে আহত হন। তাকে কান্নাভেজা চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায়। কিছুক্ষণ পর তিনি পায়ে প্লাস্টার বুট পরা অবস্থায় ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস জানিয়েছেন, “প্রাথমিক পরীক্ষা হয়েছে, আরও টেস্ট বাকি।”
প্রথমার্ধে পিএসজি গোলের সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি। উসমান দেম্বেলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, এরপর বেলন ডি’অরজয়ী এই তারকা চোট পেয়ে মাঠ ছাড়েন। বায়ার্নের সার্জ গ্নাব্রির শট পোস্টে লেগে ফিরে আসায় ব্যবধান বাড়েনি, তবে দিয়াজের দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান হয় ২-০।
দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও বায়ার্ন রক্ষণ সামলাতে থাকে দুর্দান্তভাবে। ম্যাচের ৭৪তম মিনিটে পরিবর্তিত খেলোয়াড় জোয়াও নেভেস একটি চমৎকার বাইসাইকেল কিকে ব্যবধান কমান (২-১)। এরপর পিএসজি একের পর এক আক্রমণে যায়, কিন্তু ম্যানুয়েল নয়্যারের দুর্দান্ত সেভে আর সমতা ফেরাতে পারেনি।
এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগে অপরাজিত ধরা অব্যাহত রাখল। অন্যদিকে প্রথমবারের মতো হার দেখল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত ২টায় পিএসজি নিজ মাঠে মুখোমুখি হবে টটেনহ্যামের, আর বায়ার্ন একই রাতে খেলবে আর্সেনালের মাঠে।
তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন সালাহউদ্দিন
মেসি-রোনালদোর থেকে আমি অনেক পিছিয়ে: হালান্ড