ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া বিহার রাজ্যের নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট সরকারের স্থিতিশীলতা ও জাতীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক প্রভাবের সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার। শুধু বিহারের নেতৃত্বই নয়, এর ফলাফল আগামী বছর আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাডু ও পুদুচেরির মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনের দিকনির্দেশনাও দিতে পারে।
গত বছরের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এখন আঞ্চলিক মিত্রদের ওপরই নির্ভর করছে মোদির বিজেপি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড)। বিশ্লেষকদের মতে, বিজেপি-জেডিইউ জোটের জয় মোদির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব আরও সুসংহত করবে।
তবে শাসকজোটের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আঞ্চলিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গঠিত জোট।
