ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মনিরুল হক চৌধুরীর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মনিরুল হক চৌধুরী সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।

মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন মনিরুল হক চৌধুরী। তাকে বরণ করতে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর ও কোটবাড়ী বিশ্বরোড এলাকায় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে স্বাগত জানান।

নিজ বাড়িতে পৌঁছে মনিরুল হক চৌধুরী প্রথমে তার মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর নির্বাচনী কার্যক্রমের সূচনা করে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি নেতাকর্মীদের ভালোবাসায় ফুলে সিক্ত হন।

নেতাকর্মীদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুরুত্বপূর্ণ আসনে আমার ওপর আস্থা রেখেছেন, সে জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মিলে কাজ করলে এই আসনটি পুনরুদ্ধার করতে পারব।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত