ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনাখুনি শুরু করেছে। নিজেরাই খুনাখুনি করছে। যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ৫ দাবিতে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বিগত সময় দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়েছে। তাদের পরীক্ষা করেছে। তারা বার, বার ফেল করেছে। দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। শুধু ১৯৯১ সাল থেকে ৯৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন। তার গুণকীর্তনের কারণে ১৯৯১ ও ২০০১ সালে দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছে। কিন্তু থাকতে পারেন নাই। শেখ সাহেবের গুণকীর্তনের কারণে ১৯৯৬ সালে দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়েছে। কি উপহার দিয়েছেন আপনারা সবই জানেন।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নফল রোজা রেখে গণইফতার করলেন মনোনয়ন বঞ্চিত ইয়াছিনপন্থীরা