হামিদুর রহমান আজাদ

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, গণভোট বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি নয়। 

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ডায়লগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছে আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব।

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে, এটি স্বাক্ষরিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ করলো, তখন বিরোধ তৈরি হলো।

হামিদুর রহমান আজাদ বলেন, গণতন্ত্রে আলোচনা এবং রাজপথে কণ্ঠস্বর তোলা-এই দুটোই চলে। আমরা তো সহিংসতা করছি না।

জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিরোধিতা করে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস থাকে দল ও প্রার্থীকেন্দ্রিক। আমাদের দেশে ভোটকেন্দ্র দখল হয়। দুটি ভোট দিতে গেলে সময় ব্যবস্থাপনা হবে না, ভোট দেওয়া কম হবে। পরে আবার বলবে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয়নি।

তিনি আরো বলেন, সরকারি আমলাতন্ত্র এখনো আছে। এখন জনগণের আস্থা নেই। আগে গণভোট হলে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা তৈরি হবে। এতে নির্বাচনটা ভালো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত