রিংয়ে বাস্তবে হামলা; নিষিদ্ধ ডব্লিউডব্লিউই'র ড্রু ম্যাকিনটায়ার 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। অশান্ত ও অপরাধমূলক আচরণের কারণে স্কটিশ রেসলার ড্রু ম্যাকিনটায়ারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। আগের সপ্তায়ে কোডি রোডসের সঙ্গে চ্যাম্পিয়নশিপ বেল্টের লড়াইয়ে হারার পর থেকেই ক্ষুব্ধ ছিলেন ম্যাকইনটায়ার, আর সেই হতাশাই ছড়িয়ে পড়ে শুক্রবার রাতের (বাংলাদেশ সময় শনিবার সকাল) স্ম্যাকডাউনের লাইভ শোতে।

শো এর শুরুতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে দর্শকদের উদ্দেশে উপস্থিত হন অবিসংবাদিত ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস। “দ্য আমেরিকান নাইটমেয়ার” জানালেন, তিনি আগের প্রতিদ্বন্দ্বিতাগুলো পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জার খুঁজছেন। দর্শকদের মাঝেই বসে ম্যাচগুলো পর্যবেক্ষণ করে তিনি নিজের পরবর্তী প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করবেন- এমনটাই বলছিলেন রোডস।

তখনই হাজির হন আলিস্টার ব্ল্যাক ও জেলিনা ভেগা। তাদের আচরণে পুরো বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। জেলিনা হঠাৎ রোডসের মুখে চড় মারলে জেনারেল ম্যানেজার, নিক অ্যালডিস বাধ্য হন রোডস ও ব্ল্যাকের মধ্যে এক নন-টাইটেল ম্যাচের ঘোষণা দিতে।

ম্যাচটি ছিল টান টান উত্তেজনাপূর্ণ ও সমানে-সমান। কিন্তু এক পর্যায়ে দুজনেই পড়ে গেলে রেফারি গণনা শুরু করেন- এমন সময়েই ঘটে নাটকীয় মোড়। রিংয়ে ঢুকে পড়েন ড্রু ম্যাকিনটায়ার। আগের হারের প্রতিশোধ নিতে তিনি প্রচণ্ড আক্রমণ শুরু করেন রোডসের ওপর। ব্ল্যাকের সঙ্গে মিলে চ্যাম্পিয়নের ওপর নির্মম হামলা চালান তিনি।

ম্যাকিনটায়ারকে নিবৃত্ত করার চেষ্টায় কোডি রোডস

ঠিক তখনই রোডসের সাহায্য করতে ছুটে আসেন ‘আর্চার অফ ইনফ্যামি’ খ্যাত ডেমিয়ান প্রিস্ট। নিজের পুরোনো প্রতিদ্বন্দ্বী ব্ল্যাক ও ম্যাকিনটায়ারকে শক্ত হাতে দমন করে তিনি রোডসকে উদ্ধার করেন। দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন। সুযোগ বুঝে রোডস উঠে দাঁড়িয়ে ম্যাকিনটায়ারকে এক দুর্দান্ত কোড কাটার (রোডসের এক বিশেষ মার) মারেন।

এরপরই আসে রাতের সবচেয়ে বড় ঘোষণা। ক্ষুব্ধ জেনারেল ম্যানেজার নিক অ্যালডিস প্রবেশমুখে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে ঘোষণা দেন, 'ড্রু, আমি তোমাকে সুযোগ দিই, আর তুমি তার অপব্যবহার করো। আর নয়! এখনই কার্যকরভাবে- ড্রু ম্যাকইনটায়ার, তুমি... সাসপেন্ডেড!'

এর মাধ্যমে ডব্লিউডব্লিউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ম্যাকিনটায়ারের নিষেধাজ্ঞার। এক সপ্তাহ আগেই যিনি সংস্থার সবচেয়ে বড় শিরোপার জন্য লড়াই করছিলেন, তিনিই এখন প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ দূরে।

ডব্লিউডব্লিউই এখনও জানায়নি, এই সাসপেনশন কতদিন স্থায়ী হবে কিংবা 'সারভাইভার সিরিজে' এর আগে তিনি ফিরতে পারবেন কি না। তবে প্রশ্ন উঠেছে- এই শাস্তি কি স্কটিশ যোদ্ধার অনিয়ন্ত্রিত আচরণে লাগাম টানতে পারবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত