বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা চারটি বহাল রেখেছে হাইকোর্ট।
সোমবার (১০ নভেম্বর) হাইকোর্ট নির্বাচন কমিশনের বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিনটিতে কমানোর সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা দেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে রুল জারি করা হয়েছিল।
বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই রুল দেয়া হয়। রিটে সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দিয়েছিল। স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর তীব্র বিরোধিতার পরও নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে বাগেরহাটকে তিন আসনেই বহাল রাখে। ১৯৬৯ সাল থেকে এ জেলায় চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।
