ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় বাসচাপায় মিরাজ হোসেন (বাইশ) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (দশ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মিরাজ হোসেন শৈলকূপায় কাজ শেষ করে মোটরসাইকেলে করে ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
