আইভীকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। 

এর মধ্যে একটি বৈষম্যবিরোধী হত্যা মামলা, আরেকটি পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা। ফলে তার জামিন প্রক্রিয়া ফের আটকে গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত আব্দুর রহমান হত্যা মামলা এবং পুলিশের উপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় রোববার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এর আগে, গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচটি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

চলতি বছরের ৯ মে, রাতভর নাটকীয়তার পরে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা—মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত