চৌদ্দগ্রামে ব্যাংক থেকে রুমাল পার্টির সদস্য গ্রেফতার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বেসরকারী ব্যাংক থেকে রুমাল দিয়ে কৌশলে এক নারী গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার সময় আবুল কালাম (৫৫) নামে রুমাল পার্টির এক সদস্যকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 

আবুল কালাম ঢাকা সূত্রাপুর থানার লালচাঁন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায়। তথ্যটি বিকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, সোমবার দুপুরে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার নারী গ্রাহক পৌরসভার পাঁচরা গ্রামের মাসুকা বেগম তার ব্যক্তিগত একাউন্ট থেকে চার লাখ টাকা উত্তোলন করে গুনে বুঝে নেওয়ার সময় রুমাল পার্টির সদস্য আবুল কালাম কৌশলে রুমাল দিয়ে এক লক্ষ টাকার একটি বান্ডিল হাতিয়ে নেন। তখন মাসুকা বেগমের মেয়ে বিষয়টি দেখে চিৎকার করে।

এসময় ব্যাংকের নিজস্ব নিরাপত্তা প্রহরী তাকে আটক করে গেইটের কাছে ধরে রাখেন। পরে তার দেহ তল্লাশী করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ আবুল কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “পূবালী ব্যাংকে রুমাল দিয়ে নারী গ্রাহকের হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আবুল কালাম নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত