বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থে নয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তরিত করাই আমার অঙ্গীকার— এভাবেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সোমবার বিকেলে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, এই জনপদে উন্নয়ন হবে জনগণের অংশগ্রহণে, আর সেই উন্নয়ন হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান নির্ভর। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। জনগণই হবে এই এলাকার উন্নয়নের মূল চালিকা শক্তি।

বাঘাসুরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার। পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য আবদাল মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের রক্তে লেখা গণতন্ত্রের ইতিহাস মুছে ফেলা যাবে না। দীর্ঘদিন ধরে দমন-নিপীড়ন ও অন্যায়ের শিকার এই জনপদের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে মাধবপুর ও চুনারুঘাট অঞ্চলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় শিল্পকারখানা পুনরুজ্জীবিত করা, রাস্তা-ঘাট ও সেতু উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা হবে বিএনপির প্রধান অঙ্গীকার।

প্রধান অতিথি সৈয়দ ফয়সল বলেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। এই জনপদে দারিদ্র্য, বেকারত্ব ও অনিয়ম দূর করতে হলে পরিবর্তনের রাজনীতি প্রয়োজন। ধানের শীষের বিজয় মানেই মানুষের বিজয়। আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, আমি প্রতিটি গ্রামকে আলোকিত ও কর্মসংস্থানমুখী করে গড়ে তুলব।

তিনি আরও বলেন, যুবসমাজই এই দেশের শক্তি। তাদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও সুযোগ তৈরি করলেই দেশ এগিয়ে যাবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, এবং ন্যায়বিচার পাবে।

সভা শেষে উপস্থিত জনতার ধানের শীষের জয়ধ্বনিতে মুখরিত করে বাঘাসুরা মাঠ। তরুণ-যুবক, নারী ও প্রবীণদের উচ্ছ্বাসে সমাবেশটি রূপ নেয় এক আনন্দঘন রাজনৈতিক উৎসবে। বক্তারা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদে পরিণত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত