মার্কিন সরকারের শাটডাউন বন্ধের উদ্যোগে সিনেটের অনুমোদন

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি সরকারি শাটডাউন অবসানের পথে। সোমবার (১০ নভেম্বর)  রাতে ৬০–৪০ ভোটে পাস হওয়া দ্বিদলীয় একটি বিলের মাধ্যমে সিনেট সরকার পুনরায় চালুর অনুমোদন দিয়েছে, যা এখন চূড়ান্ত ভোটের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে।

এই আইন অনুযায়ী, আগামী জানুয়ারির ত্রিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ সরকারি কার্যক্রম চালু থাকবে এবং খাদ্য সহায়তা কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাত আগামী সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ অর্থায়ন পাবে।

আটজন ডেমোক্র্যাট এই প্রস্তাবে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, বিলটি প্রতিনিধি পরিষদে পাস হলে তিনি তা স্বাক্ষর করবেন। তবে এতে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ারের মেয়াদোত্তীর্ণ ভর্তুকি নবায়নের বিষয়টি বাদ পড়েছে, যা নিয়ে ডেমোক্র্যাটরা আপত্তি জানিয়েছে। এর ফলে আগামী বছর লাখো আমেরিকানের স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও এই দাবি গৃহীত হয়নি, তবুও ডেমোক্র্যাটরা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলীয় নেতা জন থুনের কাছ থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে আলাদা ভোট আয়োজনের আশ্বাস পেয়েছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, বুধবারের মধ্যেই এই বিলটি ভোটে তোলা হতে পারে।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, ডেমোক্র্যাটরা বিলটির বিরোধিতা করবেন, কারণ এতে স্বাস্থ্যসেবা তহবিল সংকট সমাধানের যথাযথ উদ্যোগ নেই। তবুও জনসন আত্মবিশ্বাসী যে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত