বছর না ঘুরতেই দ্বিতীয় বিয়ের খবর দিলেন রশিদ খান 

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

আফগান ক্রিকেট তারকা রশিদ খান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ করেন এই তারকা লেগ স্পিনার। তার ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটল এ ঘোষণার মধ্য দিয়ে।

২৬ বছর বয়সী এই ক্রিকেটার ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার জীবনের নতুন ও অর্থবহ অধ্যায় শুরু হয়েছে। আমি এমন একজন নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তির প্রতীক, যেসব গুণ আমি সবসময় আমার জীবনসঙ্গীর মধ্যে খুঁজেছি।”

২ আগস্ট নিকাহ করার পর সম্প্রতি এক কল্যাণমূলক অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন রশিদ খান। ওই অনুষ্ঠানের পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সে প্রসঙ্গে রশিদ স্পষ্টভাবে বলেন, “সবাইকে জানাতে চাই—তিনি আমার স্ত্রী। আমরা একে অপরের পাশে আছি। লুকানোর কিছুই নেই।”

রশিদ আরও বলেন, “যারা সবসময় আমাকে ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়া দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

রশিদের স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিবার ও সংস্কৃতিগত কারণে তিনি স্ত্রীর নাম বা মুখ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। শুধু জানা গেছে, রশিদের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে বিদেশে বসবাস করেন। 

গত বছরের ৩ অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদের প্রথম বিয়ের অনুষ্ঠান। রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তাঁর তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আফগান দলের তারকারা—মোহাম্মদ নবী, মুজিব–উর–রেহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত