আজহারীর বই নকল করে বিক্রি: ডিবিকে তদন্তের নির্দেশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ বইটি নকল ও পাইরেটেড করে বাজারে বিক্রি ও অনলাইনে বিক্রির অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তদন্ত করে ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন।

আদালত তার আদেশে বলেন, গত ১০ নভেম্বর এক মামলার শুনানি ও আদেশের প্রেক্ষিতে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ বইটি নকল করে ও পাইরেটেড করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়। টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেড বইয়ের কপি সংগ্রহ করা হয়।

সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেননি।

আদেশে আরও বলা হয়, মাওলানা মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ তাই উক্ত বিষয়টি তদন্তের প্রায়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত