হাইকোর্টে ২২ জনকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২২ অতিরিক্ত বিচারক স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ অক্টোবর এ ২২ জন বিচারককে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিচারকরা হলেন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি  সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

এদিকে রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে সুপারিশকৃত ব্যক্তির বয়স ৪৫ বছরের কম হবেনা। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছরের কম হওয়ায় গতকাল অতিরিক্ত বিচারক থেকে বিচারক নিয়োগের প্রজ্ঞাপনে তার নাম নেই। এতে আরও বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি তার বয়স ৪৫ হওয়া সাপেক্ষে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল তাকে সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ২২ বিচারককে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত