ভিয়েতনাম শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা করছে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী বুই থান সন। বুধবার (১২ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে দুই দেশের নতুন আলোচনার পর্ব শুরু হওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
হ্যানয়ে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ভিয়েতনাম ব্যবসায়িক সম্মেলনে সন বলেন, 'শুধু বিশ্বাসই সহযোগিতার জন্ম দেয়, আর সহযোগিতাই সমৃদ্ধির পথ তৈরি করে' ,তিনি আরও বলেন,'ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়'
গত অক্টোবরে দুই দেশ সিদ্ধান্ত নেয়, তারা কয়েক সপ্তাহের মধ্যেই এমন একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করবে, যাতে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামী পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে, তবে কিছু নির্দিষ্ট পণ্য এই শুল্ক থেকে অব্যাহতি পাবে।
সন সম্মেলনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহ্বান জানান, তারা যেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে সমর্থন করেন এবং ওয়াশিংটনকে উৎসাহিত করেন যাতে যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে বাজারভিত্তিক অর্থনীতি হিসেবে স্বীকৃতি দেয় এবং উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানিতে আরোপিত সীমাবদ্ধতা তুলে নেয়।
ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রী নুয়েন হং দিয়েনের নেতৃত্বে ভিয়েতনামী প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। নভেম্বর বারো থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত এই নতুন পর্বের আলোচনাগুলো চলবে।
