মাদারীপুরের পুরান বাজারের একটি আবাসিক হোটেল থেকে নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার, সদর মডেল থানা পুলিশ ও ঢাকার মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, গত রবিবার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর তিনি অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় তার সন্ধান না পেয়ে পরিবার ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশের তথ্য-প্রযুক্তি ব্যবহৃত অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, তিনি মাদারীপুরে অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়।
হোটেল কর্তৃপক্ষ জানান, রবিবার বিকেলে তিনি হোটেলে ওঠেন। সে সময় জানায় যে একটি চাকরির পরীক্ষা দিতে এসেছেন এবং দুই থেকে তিন দিন থাকার পরিকল্পনা করেছেন। অগ্রিম ভাড়াও পরিশোধ করেন। হোটেলের রেজিস্টারে তার ঠিকানা হিসেবে ঢাকার মিরপুর পল্লবী এবং বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান লেখা রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাজধানী ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে সৈয়দ নাইম রহমানকে হস্তান্তর করা হবে। বর্তমানে তাকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
পুলিশের দ্রুত পদক্ষেপ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে নিখোঁজ কর্মকর্তা নিরাপদে উদ্ধার হওয়ায় এলাকায় শিথিলতা ও শান্তি ফিরেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রত্যাশা ভিয়েতনামের
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস