স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বুধবার (১২ নভেম্বর) চার দিনের রাষ্ট্র সফরে বেইজিং পৌঁছেছেন। ১৮ বছরে এটি প্রথম কোনো স্পেনীয় রাজার চীনে রাষ্ট্র সফর। চীনের রাষ্ট্র সম্প্রচারক সিসিটিভি এই খবর জানিয়েছে। উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্কের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এবং রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
রাজা ফেলিপে গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে মঙ্গলবার চেংডুতে সফর করেন এবং এরপর বেইজিং পৌঁছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে ব্যক্তিগত ভোজে অংশ নেন। আজ তিনি পুনরায় শি জিনপিং-এর সঙ্গে দেখা করবেন, পাশাপাশি প্রধানমন্ত্রী লি চিয়াং ও শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবারের কর্মসূচিতে রয়েছে চীনা ও স্পেনীয় ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক এবং বেইজিং-এর বাইরে স্পেনের গাড়ির অংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেস্টাম্প-এর কারখানা পরিদর্শন।
মূলত স্পেনের সাথে বাণিজ্য ঘাটতি সমন্বয় করা এ সফরের মূল লক্ষ্য । ২০২৪ সালে স্পেন চীনা পণ্যের ৪৫ বিলিয়ন ইউরো আমদানি করলেও চীনে রপ্তানী মাত্র ৭.৫ বিলিয়ন ইউরো।
সম্পর্কের ঘনিষ্ঠতা ইতিমধ্যেই স্পেনীয় রপ্তানিকারকদের উপকারে এসেছে, বিশেষ করে শূকর মাংস খাত। ২০২৫ সালের জানুয়ারি-জুলাই মাসে চীনে স্পেনীয় শূকর মাংস রফতানি ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে, অন্য প্রধান রপ্তানিকারকদের রফতানির পরিমাণ হ্রাস পাওয়ার পরও। স্পেনীয় রপ্তানী প্রতিষ্ঠান গ্রুপো তেলো আলিমেন্তাসিওন-এর পরিচালক জাভিয়ের ব্রিয়োনেস বলেন,'আমরা এখন চীনের হাতে… তবে আমাদের স্বার্থ রক্ষা করার জন্য স্পেনের রাজার চেয়ে ভালো দূত আমরা চাইতে পারি না'
