কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক সংগঠন আলাদা আলাদাভাবে এ বিক্ষোভ আয়োজন করে।
সন্ধ্যার দিকে বাংলামোটর এলাকায় রূপায়ন টাওয়ারের সামনে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও মিছিল করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তি।
অন্যদিকে, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত রমনা থানা জামায়াত বিক্ষোভ মিছিল করে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন উপস্থিত ছিলেন।
উভয় সংগঠনের নেতাকর্মীদের আওয়াজে রাজপথ মুখর হয়ে ওঠে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
