যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান আরও এক ধাপ এগিয়েছে। বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা বিল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকানদের পাশাপাশি ছয়জন ডেমোক্র্যাট সদস্যও বিলের পক্ষে ভোট দিয়েছেন।
প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্যের মধ্যে ২২২-২০৯ ভোটে বিলটি পাস হয়েছে। রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকলেও, ২১৬ জন রিপাবলিকান ও ছয়জন ডেমোক্র্যাট সদস্য সমঝোতা বিলের পক্ষে ভোট দিয়েছেন।
১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে শুরু হওয়া এই শাটডাউনের কারণে ১০ লাখের বেশি সরকারি কর্মচারি বেতন পাচ্ছেন না। সরকারি সেবাখাত ও সুযোগ-সুবিধা ব্যাহত হচ্ছে এবং সম্প্রতি বিমান চলাচলেও মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছে।
প্রতিনিধি পরিষদে বিল পাস হওয়ায় এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। স্থানীয় সময় বুধবার রাতেই ট্রাম্প বিলটি সই করতে পারেন।
বিল পাসের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ আমরা স্বস্তিতে আছি। ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় শাটডাউনের অবশেষে সমাধান হয়েছে।”
