নাটোর-১ আসন

বিএনপি প্রার্থী পুতুলকে ‘লাল কার্ড’ দেখালেন রাজন সমর্থকরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে ‘লাল কার্ড’ দেখিয়েছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে রাজন সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন।

এদিন সন্ধ্যায় মিছিলটি মালঞ্চি বাজার থেকে দয়ারামপুর, চাঁদপুর ঘুরে মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয়। এ সময় রাজন সমর্থকরা পুতুলের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

বিক্ষোভে অংশ নেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে নাটোর-১ আসনে সিন্ডিকেট ও চাঁদাবাজদের পক্ষে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তারা দাবি করেন, ডা. রাজনই এ অঞ্চলের যোগ্য ও পরীক্ষিত নেতা। তাই ঘোষিত প্রার্থী পুতুলের মনোনয়ন বাতিল করে রাজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে নাটোর-১ আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে এবং তা ঘিরে চলছে নানা কর্মসূচি ও প্রতিবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত