আগামী বছর ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। গতকাল শুক্রবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার রনি ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন। আবেদন ও ভর্তি পরীক্ষা বিষয়ক সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের এ উদ্যোগ সফলভাবে এগিয়ে যাবে। ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ পরীক্ষা শুধু একটি ভর্তি কার্যক্রম নয়, এটি দেশের কৃষি শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।
