নাগরিকদের জাপান সফরে নিষেধাজ্ঞা চীনের!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই প্রেক্ষাপটে চীন তার নাগরিকদের জাপান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

গত ৭ নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয়, তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এই মন্তব্যের পরই দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে। একই দিন রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে একটি সতর্কতা জারি করে।

চীনা দূতাবাসের পোস্টে বলা হয়, তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্য উসকানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতি জাপানে চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।

গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার বক্তব্যে বলেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ালে জাপান আত্মরক্ষার জন্য বাহিনী মোতায়েন করতে পারে।

বেইজিং দাবি করে আসছে যে তাইওয়ান চীনের ভূখণ্ডের অংশ এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে এই স্ব-শাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া হতে পারে। উল্লেখ্য, তাইওয়ান ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের দখলে ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত