কুমিল্লার মুরাদনগরে মাদরাসারশিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রায়তলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত সাদ্দাম হোসেন (৩০) রায়তলা ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গত ১৩ নভেম্বর বিকেলে মাদরাসার ছুটির পর তিন শিশু বাড়ি ফিরছিল। পথে সাদ্দাম হোসেন তাদের চিপস দেওয়ার কথা বলে একটি বসতঘরে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকায় এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে ধরে গণপিটুনি দেয়। এ খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে শামীম আহমেদ নামে স্থানীয় একজন বলেন, ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন অনেক ঘটনা সালিশে মীমাংসার নামে চাপা দেওয়া হয়। এবার আমরা চাই দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
