যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে আসা জাহাজ এমভি উইকোটাটি থেকে গম খালাসের কাজ শুরু হয়েছে। গত শুক্রবার বিকালে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে নোঙর করে। নমুনা সংগ্রহ ও গুণগতমান পরীক্ষার পর রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে খালাস কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে সরাসরি এতো বড় পরিমাণ গম প্রথমবারের মতো মোংলায় এসেছে। পরীক্ষা নিরীক্ষায় গমের গুণগতমান সন্তোষজনক হওয়ায় দ্রুত খালাসের অনুমতি দেওয়া হয়।
তিনি বলেন, মোট আমদানিকৃত ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টনের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকি গম পাঠানো হবে খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন গুদামে। জাহাজটির গভীরতা বেশি হওয়ায় ফেয়ারওয়েতে রেখে খালাস প্রক্রিয়া চালানো হচ্ছে।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক আরও জানান, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি নগদ ক্রয় চুক্তি (জি-টু-জি-১) এর আওতায় এই গম আমদানি করা হয়েছে। এর আগে যে সব চালান এসেছে সেগুলো চট্টগ্রাম হয়ে মোংলায় পৌঁছালেও উইকোটাটি জাহাজটি সরাসরি মোংলা বন্দরে এসেছে।
জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করার কথা রয়েছে। প্রথম চালানে ২৫ অক্টোবর আসে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন, দ্বিতীয় চালানে ৩ নভেম্বর আসে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। গতকাল খালাস শুরু হওয়া তৃতীয় চালানসহ এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
