ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আহমেদ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, তার স্ত্রী, সন্তানদের আয়কর বিবরণী পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সরবরাহের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ সিআইডি পুলিশের আবেদনের শুনানি নিয়ে ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন।
এদিন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই দীপ্তা রায় আদালতে আবেদন করেন। আবেদনে কাজী জাফর উল্লাহ, তার স্ত্রী নীলুফার জাফর উল্লাহ, দুই ছেলে কাজী ওমর ফারুক ও কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর বিবরণীর কপি চাওয়া হয়।
সিআইডির আবেদনে বলা হয়, কাজী জাফর উল্লাহ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংঘটন করে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছে। এছাড়াও, তার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রয়োজন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশানের বাসা থেকে কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার পথে তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ২২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হয়। আদালত পল্টন থানার এক মামলায় তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।
