বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন। কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে তারেক রহমানের চোখ পড়ে আছে। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বগুড়া শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী মানবিক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
প্রধান অতিথির বক্তব্যকালে রুহুল কবির রিজভী আরও বলেন, রাষ্ট্র যদি হয় কোন ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গা, তাহলে সেই রাজনৈতিক দল হয় লুটেরা ডাকাত, দানব, রাক্ষস। ওদের দ্বারা জনগের উপকার হতে পারে না। দেশপ্রেমিক, স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন বের করে দেয়া হয়, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আপনারা যে অবস্থা করলেন আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে। ম্যাডাম এখনো বেঁচে আছেন, জনগণ বেঁচে আছে, আমরা গজব দেখছি।
তিনি বলেন, যারা বিরোধী দলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন এটি প্রমাণিত।
তিনি বলেন, দিনের ভোট রাতে করে বিনা-ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছিলেন, কিছুই হয়নি। এত গুম খুন বিচারবহির্ভুত হত্যা, ব্যাংক থেকে হরিলুট। ২০১৮ সালে দিনের ভোট রাতে করতে ৮ হাজার কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। নিজেদের ব্যবসায়িক গোষ্ঠী দিয়ে চাঁদা তুলেছিলেন, ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে তিন হাজার কোটি টাকা প্রশাসনিক কর্মকর্তা আর ৫ হাজার কোটি টাকা নিজেরা ভাগ করে নিয়েছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মোখছেদুল মমিন মিথুন, মুস্তাকিম বিল্লাহ, রাশেদুজ্জামান পিয়াস, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।
