গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় আলিম মিয়া নামের এক প্রতিবন্ধী পথচারি নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিম মিয়া (৩৭) উপজেলার সিনটাজুরী রামপুরা গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে। আহতরা হলেন খলিল মিয়া (৩০), রানা (৩৫) ও উজ্জল মিয়া (৪৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফার হোসেন জানান, বুধবার রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে তিনজন একটি বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে পান্থাপাড়া এলাকায় পৌঁছে এক পথচারিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীসহ চারজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি পথচারি আলিম মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে স্থানীয়রা আহত তিন মোটরসাইকেলের আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে খলিল নামে একজনকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
