ঢাকার আদালতে জামিন পাননি ভারতের সখিনা বেগম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

ঢাকার সিএমএম আদালতে জামিন শুনানিতে হাজির করা হয় ভারতের আসামের ৬৮ বছর বয়সী সখিনা বেগমকে। হাজতখানার সামনে ভিড় থাকা মানুষের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ পাহারায় বেরিয়ে আসা দুর্বল ও হতবিহবল এই বৃদ্ধা।

তিনি সাংবাদিকদের জানান, কিছুদিন আগে অসুস্থ ছিলেন, এখন কিছুটা ভালো আছেন।

সখিনা বেগমকে কয়েক মাস আগে আসামের নিজ বাড়ি থেকে আটক করে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ। মিরপুরে অসহায় অবস্থায় তাকে পাওয়া গেলে পুলিশ তাকে অবৈধ অনুপ্রবেশের মামলায় আটক করে কারাগারে পাঠায়।

জামিন শুনানিতে দীর্ঘ শুনানি শেষে আদালত তা নাকচ করেন। আইনজীবীরা জানান, অভিযোগটি জামিন যোগ্য হলেও আদালতের যুক্তি—জামিন পেলে তিনি ভারতে ফিরে গেলে মামলার বিচার বাধাগ্রস্ত হতে পারে।

শুনানির ফল জানতে ভারতে থাকা সখিনা বেগমের মেয়ে রাসিয়া বেগম অপেক্ষা করছিলেন। আদালতের ভিডিও দেখে মাকে পুলিশই পাহারায় কোর্টে যেতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। জামিন নাকচের খবর পেয়ে আরও শোকাহত হয়ে তিনি দুই দেশের সরকারকে মাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।

এদিকে আসামের অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সখিনা বেগমকে দেশে ফিরিয়ে আনতে তারা গুয়াহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের করবে। প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকেও যাবে সংগঠনটি।

বাংলাদেশে তার আইনজীবীরাও নতুন করে জামিন আবেদন করবেন। এর মধ্যে সখিনা বেগমকে অচেনা দেশে কারাগারেই থাকতে হচ্ছে, আর তিনি কখন দেশে ফিরতে পারবেন—সেটি এখনো অনিশ্চিত।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত