তীব্র আন্দোলনের মুখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ‘বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের’ সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে কোটা বিরোধী ঐক্য জোটের সমন্বয়ক নূরুল আলম হরতাল প্রত্যাহারের কথা জানান।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।
সংগঠনটির নেতারা বলেন, যারা হরতাল পালনে আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরীক্ষা স্থগিত হওয়ায় আমরা হরতাল প্রত্যাহার করে নিয়েছি।
এদিন সকাল থেকে হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮-১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে স্কুল-কলেজ ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ে।
হরতালের অংশ হিসেবে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এতে রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাশাপাশি শহরের একমাত্র সিএনজি সার্ভিসসহ শপিংমলগুলোও কার্যত বন্ধ ছিল।
আ. লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে পারবে না: রাশেদ খান
শুরু হচ্ছে ‘সহনশীল রূপান্তর’ শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনী