নির্মিত হচ্ছে ‘দাবাং-৪’

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

’আগামী মাসে ৬০ বছরে পা দেবেন বলিউড তারকা সালমান খান। জন্মদিনের আগে ভক্তদের জন্য এল আরও এক সুখবর। সালমান খানের ভাই চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা আরবাজ খান নিশ্চিত করেছেন যে ‘দাবাং ৪’ তৈরি হচ্ছে। অর্থ্যাৎ আবারও ‘চুলবুল পাণ্ডে’ রূপে পর্দায় ফিরছেন সালমান খান। সব বয়সি দর্শকের কাছে ‘দাবাং’ সিরিজ ব্যাপক জনপ্রিয়। তাই চতুর্থ কিস্তির সম্ভাব্য ঘোষণা ভক্তদের মধ্যে আগেই উত্তেজনা সৃষ্টি করেছিল। সালমান এবং সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এরপর থেকেই শোনা যাচ্ছিল আরও একবার চুলবুল পাণ্ডে হয়ে ফিরবেন ‘ভাইজান’। অবশেষে আরবাজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, ‘‘দাবাং ৪’’ তৈরি হচ্ছে। তবে কবে আসবে, তা বলতে পারছি না। এটা যে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সালমান আর আমি বিষয়টি নিয়ে আলোচনা করছি। তাড়াহুড়ো নেই, কিন্তু সময় হলে অবশ্যই তৈরি হবে।’ 

 ২০১০ সালে অভিনব কাশ্যপ পরিচালিত ‘দাবাং’ প্রথম মুক্তি পায়। ২০১২ সালে আসে ‘দবং ২’, যা পরিচালনা করেছিলেন আরবাজ খান নিজেই। তৃতীয় কিস্তি ‘দবং৩’ পরিচালনা করেন প্রভু দেবা, মুক্তি পায় ২০১৯ সালে। সালমান খানের বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ তুলে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন অভিনব। পরিচালক জানিয়েছেন, সালমান তার ভাই আরবাজ খানের প্রতি দীর্ঘদিন ধরে বিদ্বেষ পোষণ করে আসছেন। কাশ্যপের দাবি, সলমন ও আরবাজের সম্পর্ক অত্যন্ত খারাপ। এমনকী দাবাং’-এ কাজ করার সময়ে সলমন তাকে জানিয়েছিলেন যে তিনি ছবিতে আরবাজের উপস্থিতি কমাতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত