কারাগারের ফটক থেকে গাঁজাসহ দর্শনার্থী আটক

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম

কুমিল্লা জেলা কারাগারে প্রবেশের সময় গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কারাগারের আরপি গেটের ফটকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মজু মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা এবং সিরাজ মিয়ার ছেলে।

কারা সূত্র জানায়, কারাগারের ভেতরে প্রবেশের সময় মজু মিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী আলভি ও রনি শীলকে তল্লাশির নির্দেশ দেন। পরে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মজু মিয়া জানান, তিনি ব্যক্তিগতভাবে সেবনের উদ্দেশ্যে মাদকটি বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন ও স্মৃতি আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত