ফেসবুকে ফাঁদে ফেলে চিকিৎসকের টাকা লুট, গ্রেপ্তার ৪

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ফেসবুক পরিচয়ে এক চিকিৎসককে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ৩ লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার বীররামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত ১৯ নভেম্বর ৯ জনের নামে থানায় মামলা করে ভুক্তভোগী চিকিৎসক। 

গ্রেপ্তাররা হলেন রবিউল, সোনালী, রাজনা ও আমিরন।  

মামলার এজাহারে বলা হয়, বাদী ডা. শফিকুল ইসলাম (৪৩) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও। গত ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামের একটি ফেক আইডি থেকে ৫ নম্বর আসামি তানিয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত কথা বলতে বলতে তানিয়া তাকে ত্রিশালে দেখা করতে বলেন।

১৯ নভেম্বর বিকেলে বাদী ত্রিশালে পৌঁছালে আসামি সিয়াম তাকে রিসিভ করে ত্রিশাল পৌরসভার উজানপাড়ার একটি ভাড়া ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তানিয়ার কক্ষে কথা বলার একপর্যায়ে আসামি রবিউল মোল্লা, আবুল বাশার ও ফরিদুল ইসলাম হঠাৎ ঢুকে পড়ে। পাশের রুম থেকে সোনালী আক্তার, রাজনা আক্তার, রাবেয়া আক্তারসহ আরও কয়েকজন এসে ডাক্তার শফিকুলকে ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে বাদীর পোশাক অর্ধেক খুলে দুই নারী আসামিকে পাশে বসিয়ে তার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে। এরপর তাকে ১০ লাখ টাকা দিতে চাপ দেয় এবং টাকা না দিলে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেয়। 

প্রাণভয়ে বাদী প্রথমে নিজের কাছে থাকা ২২ হাজার ৫০০ টাকা আসামিদের দেন। এরপর তারা তাকে মারধরের পরে বিকাশের বিভিন্ন নম্বরে আত্মীয়দের মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠাতে বাধ্য করেন। টাকা নেওয়ার পরও ঘটনার কথা কাউকে বললে হত্যা করার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেন। তৎক্ষণিক তিনি ত্রিশাল থানা পুলিশকে জানায় এবং মামলা বরেন। 

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চারজন গ্রেপ্তার করে। এ সময় আমিরন নামে একজনের ব্যাগ থেকে ৫৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করে। এছাড়া আসামিদের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত