বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগেরদিন শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় রাতে উত্তেজনা চলে।
এরই জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এতে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠনো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
