বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির মধ্যে স্বৈরাচারী মনোভাব নেই, এটি একটি গণমানুষের দল।
তিনি বলেন, ফ্যাসিবাদী,সন্ত্রাসী ও কর্তৃত্ববাদী বিএনপির মধ্যে অতীতে কখনও ছিল না,এখনও নেই। বিএনপি হলো গণমানুষের দল। আর জিয়াউর রহমান ছিলেন গণমানুষের ও গ্রামের নেতা। এর ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে চৌপল্লী কেডি হাইস্কুল মাঠে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মহিলার দলের উঠান বৈঠকে বিএনপি নেতা এ্যানি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন,এতো অত্যাচার-নির্যাতন ,হামলা-মামলা ও গুম খুনের শিকার হয়েও বিএনপি কারো ক্ষতি করেনি।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমান বিদেশে বসে সকল দলের রাজনীতিবিদ বা দেশের মানুষকে একত্রিত করেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। আগামীতে দেশের নেতৃত্বে আসবেন তারেক রহমান।
তিনি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছেন, তবে তার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্র্বতীকালীন সরকার। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। ইতোমধ্যে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ ও সতর্ক থাকতে হবে। এ মুহূর্তে নিবার্চিত সংসদ ও জনপ্রতিনিধি খুবই প্রয়োজন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুরে রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া,জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা ও সাধারণ সম্পাদক সুমি বেগমসহ উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
