বার্নসের জোড়া গোলে ম্যান সিটিকে হারাল নিউক্যাসল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

হার্ভি বার্নসের দুর্দান্ত নৈপুণ্যে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। নিজের করা প্রথম গোলের পর বার্নসই দ্বিতীয় ও জয়সূচক গোলটি করে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর আন্তর্জাতিক বিরতি পেরিয়ে নিউক্যাসলের জন্য এটি ছিল দারুণ প্রত্যাবর্তন।

সেন্ট জেমস পার্কে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে এগিয়ে যায় নিউক্যাসল। তবে রুবেন ডিয়াসের শট ফ্যাবিয়ান শারের গায়ে লেগে দিক বদলে গোললাইন অতিক্রম করলে সমতায় ফেরে সিটি। কিন্তু কয়েক মিনিট পরেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। জ্যাকব মারফির ক্রস থেকে ব্রুনো গিমারায়েসের হেড পোস্টে বাধা পায়, কিন্তু ছিটকে আসা বল ঠাণ্ডা মাথায় জালে পাঠান বার্নস। ভিএআর দেখে গোলটি বহাল রাখেন রেফারি।

প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলার বিপক্ষে নিউক্যাসল কোচ এডি হাওয়ের এটি প্রথম জয়। সিটির বিপক্ষে ম্যাচটিতে গোলরক্ষক ডনারুমাকে বেশ কয়েকবার পরীক্ষা নেয় নিউক্যাসল। অন্যদিকে সিটি বহু সুযোগ নষ্ট করে। ফিল ফোডেনকে ফাউল করা হয়েছে বলে সিটির জোর দাবি প্রত্যাখ্যান হওয়ায় ক্ষুব্ধ ছিলেন গার্দিওলা। ম্যাচে আর্লিং হালান্ডও ছিলেন গোলশূন্য। তবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন।

এই হারে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল সিটি। তারা এখন পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। বার্নসকে শেষ সময়ে তুলে নেওয়ার সময় দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনই বলে দেয়, এই জয়ে তার অবদান কতটা ছিল। আগামী মঙ্গলবার রাতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামবে সিটি। একই রাতে নিউক্যাসল চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে মার্সেইয়ের মাঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত