বাফুফের 'মিস কমিউনিকেশনে' কিরণ নেই ঋতুপর্ণাদের অনুষ্ঠানে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। পৃষ্ঠপোষকের নাম ঘোষণা আর ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন আয়োজনের করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

সংবাদ সম্মেলনে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে দেখা যায়নি। তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সরাসরি বলেন,  ‘বাফুফের ইন্টারনাল মিস কমিউনিকেশনের কারণে সবাইকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন দল নিয়ে প্রেস কনফারেন্স হবে, ওখানে আপনারা ওনাকে দেখতে পারবেন।’ এর সঙ্গে ক্ষমাও চাইলেন তিনি, ‘আমি এই মিস কমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’

সোমবার দল নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজনের খবর দিয়েছে বাফুফের মিডিয়া উইং। এদিকে, প্রস্তুতির জন্য রবিবার হোটেলে উঠেছেন আফঈদা-ঋতুপর্ণারা। 

মেয়েদের অস্ট্রেলিয়া মিশনে দলের পাশে থাকবে মোবাইল সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স

প্রথমবারের মতো মেয়েরা এশিয়ান কাপে খেলতে যাচ্ছে। তাই প্রস্তুতিতে ঢিল দিতে চায় না বাফুফে। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে আফইদা খন্দকাররা। আগামী বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।

এশিয়ান কাপকে সামনে রেখে বেশি বেশি ম্যাচ খেলায় জোর দিচ্ছে বাফুফে। পরিকল্পনা হলো মার্চের আগে পাঁচটি ফ্রেন্ডলি ম্যাচ খেলানো। তাবিথ আউয়াল বলেছেন, ‘আমাদের জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, তত বেশি এশিয়ান পর্যায়ে আমরা উপকৃত হব। তাই যাওয়ার আগে আমরা আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। ফিফা উইন্ডোর বাইরে অন্তত তিনটা ম্যাচ খেলতে চাইব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত