ভূমিকম্পের ঝুঁকি

৪৮ ঘণ্টার জন্য গ্যাসকূপ খনন ও জরিপ কাজ স্থগিত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

ভূমিকম্পের ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন স্থানে গ্যাসকূপ খনন ও সিসমিক জরিপ (ভূকম্পন জরিপ) কাজ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিষয়টি নিশ্চিত করে গতকাল রবিবার পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টার পর আবার এসব কার্যক্রম শুরু হবে।’

তিনি জানান, ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিগুলোর কূপ খনন ও সিসমিক জরিপ-সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম স্থগিত হওয়া কূপগুলো হলোÑ শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপ।

এর পাশাপাশি কারিগরি দলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান সিসমিক জরিপ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

গত শুক্রবার সকালে দেশে মাঝারি মাত্রার যে ভূমিকম্প হয়েছিল তার উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। এমন প্রাণঘাতী ভূমিকম্প গত কয়েক দশকের মধ্যে দেশের মানুষ আর দেখেনি। ৫ দশমিক ৭ মাত্রার ২৬ সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং আহত হয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন ও স্থাপনা। কম্পনের স্থায়িত্ব আর মাত্র কয়েক সেকেন্ড বেশি হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত