গৌহাটি টেস্ট জিততে ভারতকে রবি শাস্ত্রির অদ্ভুত এক পরামর্শ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম

গৌহাটি টেস্ট জিততে এবং সিরিজ বাচাতে হলে ভারতের সামনে এখন ঝুঁকি নেওয়া ছাড়া উপায় নেই—এমনই মনে করেন ভারতের সাবেক কোচ রবির শাস্ত্রী। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৯ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ শক্তভাবে নিজেদের হাতে নেওয়ার পর শাস্ত্রী বলেছেন, প্রয়োজন হলে ভারতকে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করতে হবে।

স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে শাস্ত্রী বলেন, "ভারতকে ট্যাকটিক্যাল একটা সিদ্ধান্ত নিতে হবে। নতুন বল সামলে দ্রুত রান তুলতে পারলে হয়তো ৮০, ৯০ বা ১০০ রান পিছিয়েই ইনিংস ঘোষণা করতে হতে পারে। তারপর প্রতিপক্ষকে আবার ব্যাট করাতে হবে। শুধুই রান তাড়া করে ৪৮৯–এর ওপর যাওয়ার অপেক্ষা করলে খুব দেরি হয়ে যাবে।”

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সুবিধাজনক উইকেটে দারুণ ব্যাটিং করেন। মাত্র একজন ছাড়া সবাই দুই অঙ্কে যান। সাত নম্বরে নেমে সেনুরান মুথুসামি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। নয় নম্বরে মার্কো ইয়ানসেন খেলেন দারুণ ৯৩ রানের ইনিংস। ভারতের দিন শেষ হয় ৯/০–তে, এখনও পিছিয়ে তারা  ৪৮০ রানে।

টেস্টে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা: ইতিহাস কী বলে

টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৩৩ বার কোনো দল প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছে। তার মধ্যে মাত্র তিনবার সেই দল ম্যাচ জিতেছে।

  • ১৯৩৪/৩৫ – ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ রানে পিছিয়ে থেকেও ঘোষণা দেয়। বৃষ্টিতে ভেজা উইকেটে ম্যাচে নাটকীয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড জেতে।
  • ১৯৯৯/০০ সেঞ্চুরিয়ন টেস্ট – তিন দিনের বৃষ্টির পর হ্যান্সি ক্রোনিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ডিক্লেয়ার করে ম্যাচ এগিয়ে নেন, পরে ইংল্যান্ড দুই উইকেটে জেতে। পরে জানা যায়, এটি ম্যাচ–ফিক্সিংয়ের অংশ ছিল।
  • ২০১২ ব্রিজটাউন টেস্ট – অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪৩ রান পিছিয়ে থেকেও ঘোষণা দেয় এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয়।

শাস্ত্রীর ভাষায়, ভারতের সামনে সিরিজ বাঁচাতে এই ধরণের সাহসী সিদ্ধান্তই হতে পারে একমাত্র উপায়। তিনি বলেন, "ঝুঁকি নিতেই হবে। সুযোগ নিতে হবে। না হলে সময়ই পাওয়া যাবে না ম্যাচে ফিরতে।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত