সাবিনাদের নিয়ে প্রশ্ন করতেই মানা করে দিলেন বাটলার 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

ব্যাপারটাকে ভীষণ তীক্ততার দিকে নিয়ে যাচ্ছেন ক্ষোদ ব্রিটিশ কোচ পিটার বাটলার। একের পর এক ম্যাচে সাবিনা খাতুনসহ ছয় সিনিয়র ফুটবলারকে রাখছেন দলের বাইরে। গত বছর অক্টোবরে সাফ জয়ের পর থেকেই জাতীয় দলে নেই সাবিনা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, সানজিদা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া। নতুন যোগ হয়েছেন নিলুফার ইয়াসমি নিলাও। তাদের সামনে প্রমাণ দিয়ে ফেরার দরজাটাও খুলছেন না। আবার তাদের বাদ দেওয়ার ব্যাখ্যাও খোলাসা করেন না কোচ। যে কারণে ফি সংবাদ সম্মেলনেই সিনিয়রদের নিয়ে প্রশ্ন শুনতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তাদের। সোমবার যেমন আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রশ্ন গিয়েছিল বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তারের কাছে। তিনিও এড়িয়ে গেছেন বিষয়টা। কেবল বলেছেন, তাদের নিয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত হবে।

ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী বছর মার্চে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দেশকে উড়িয়ে আনছে বাংলাদেশ। এই সিরিজের জন্য পিটার বাটলারের ২৩ সদস্যের দলে নেই সেই ছয় ফুটবলারের একজনও। 

দলে থাকবেন না সেটা অনুমিতই ছিল। ভুটান লিগ খেলে ফেরার পর বাফুফের চুক্তিতে থাকা সত্যেও ক্যাম্পে সুযোগ পাননি সাবিনাসহ বাকীরা। তাদের অলস সময় কাটছে নিজ নিজ বাড়িতে। চুক্তিতে থেকেও ক্যাম্পে বাইরে থাকার কারণও তাদের অজানা। আবার চুক্তির বাধ্যবাধকতায় এ নিয়ে মুখও খুলছেন না তারা। কোচের এক গুঁয়েমির শিকার হয়ে তাদের ক্যারিয়ারও এখন ধ্বংস হওয়ার পথে। একজন ভিনদেশী কোচের অহংকারের কাছে হেরে যাচ্ছেন বাংলাদেশের সোনালী সময়ের এক ঝাঁক তারকা। 

সোমবার সিনিয়রদের নিয়ে প্রশ্ন যেতেই এক বাক্যে বাটলার জানিয়ে দিয়েছেন, তাদের কোন সুযোগ নেই। এটাও বলেছেন, সেই ফুটবলারদের নিয়ে কোন প্রশ্ন হোক, তা তিনি চান না! পাশে বসা মাহফুজা আক্তার অবশ্য এতটা রূঢ় হননি, সাবিনাদের নিয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, 'এটা নিয়ে এখন কিছু বলতে চাই না। ডিসেম্বরে নতুন সিদ্ধান্ত জানানো হবে।'

এদিকে আফঈদা খন্দকারের নের্তৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে। ২ ডিসেম্বর ম্যাচটি আজারবাইজানের বিপক্ষে। এই সিরিজকে সামনে রেখেছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড-এ ২২ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে দুদিন আগে ঢাকা ফিরেছে বাংলাদেশের মেয়েরা। এক যুগেরও বেশি সময় পর জাতীয় স্টেডিয়ামে খেলার সুযোগ পেতে যাচ্ছে নারী দল। হোম অব ফুটবলে খেলতে মুখিয়ে থাকার কথা জানালেন আফঈদা, 'জাতীয় স্টেডিয়ামে খেলার দীর্ঘদিনের স্বপ্নটা পূরন হতে যাচ্ছে, খুব ভাল লাগছে। (দর্শকদের উদ্দেশ্যে) আপনারা আমাদের সমর্থন দিতে মাঠে আসবেন। আশা করি আপনাদের জয় উপহার দিতে পারবো।' 

প্রতিপক্ষ দুটি দলই বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। ১০৪ আছে বাংলাদেশ। মালয়েশিয়া ৯২তম। আর ইউরোপের দেশ আজারবাইজান ৭৪তম। কঠিন প্রতিপক্ষ হলেও জয়ে চোখ বাংলাদেশ কোচের, 'ভুটান লিগ খেলে আসা মেয়েদের নিয়ে একসঙ্গে ২২ দিনের ক্যাম্প করেছি। দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। দল সঠিক পথেই আছে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ থেকে ২৩ জনের স্কোয়াড বেছে নিয়েছি। এই দুটি ম্যাচ আমাদের জন্য এশিয়ান কাপের প্রস্তুতির সুযোগ হলেও আমরা দুটি ম্যাচেই জিততে চাই।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত