ইতালির আব্রুজ্জো অঞ্চলে জঙ্গলে বসবাসরত এক ব্রিটিশ–অস্ট্রেলীয় দম্পতির তিন সন্তানকে সরকারি হেফাজতে নেওয়ার রায় প্রদান করেন ইতালির আদালত। যার ফলে, দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বিকল্প জীবনযাপনের ওপর এ সিদ্ধান্ত আঘাত হিসেবে দেখছেন অনেকেই।
দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, রবিবার (২৩ নভেম্বর) আদালত পরিবারের তিন সন্তানকে নিয়ে গিয়ে একটি গির্জা পরিচালিত আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে বাবা-মায়ের সঙ্গে তাদের দেখা-সাক্ষাতের সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে।
নাথান ট্রেভ্যালিয়ন ও ক্যাথরিন বার্মিংহাম ২০২১ সালে পালমোলিতে একটি জীর্ণ বাড়িতে বসবাস শুরু করেন এবং প্রকৃতি নির্ভর জীবনযাপন ও ঘরে শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তানদের বড় করছিলেন। কিন্তু গত বছর বিষাক্ত মাশরুম খেয়ে পরিবারটি হাসপাতালে ভর্তি হলে সামাজিক সেবা কর্মীরা তদন্ত শুরু করে।
আদালত জানায়, পরিবারটির বাসস্থান অস্বাস্থ্যকর, সামাজিক বিচ্ছিন্নতা রয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ–সুবিধা ও আনুষ্ঠানিক শিক্ষা নেই। এ সব কারণে শিশুদের ঝুঁকির মধ্যে বিবেচনা করে তিনজনকেই একটি চার্চ–নির্ভর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
দম্পতি অভিযোগ করেছেন যে সিদ্ধান্তটি অন্যায্য এবং তারা আপিল করবেন। ঘটনাটি রাজনৈতিক বিতর্কেও রূপ নিয়েছে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তদন্তের নির্দেশ দিয়েছেন। আর সমাজবিজ্ঞানীরা বিচ্ছিন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশকে মূল সমস্যা হিসেবে দেখছেন।
