৪০৮ রানে বিপর্যস্ত ভারতীয় দলের কোচের আমিত্ব জাহির

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে লজ্জার সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই পরিস্থিতিতে সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি জানালেন—ব্যক্তিগত স্বীকৃতি নয়, তাঁর কাছে ভারতীয় ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গৌহাটির বার্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এর আগে গত বছর নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হার। পরপর দুই বছরে ঘরের মাঠে দুইটি টেস্ট সিরিজে পরিষ্কার হার—গম্ভীর যুগে ভারতীয় টেস্ট দলের জন্য এটি বড় ধাক্কা।

তবু সমালোচনায় ভেঙে পড়ছেন না গম্ভীর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,“খেলাধুলায় পেছনে তাকানোর সুযোগ নেই। আমরা যা সিদ্ধান্ত নিয়েছি, দলের স্বার্থেই নিয়েছি। ভারতীয় ক্রিকেটই গুরুত্বপূর্ণ, আমি নই। শুরু থেকেই এই কথাই বলে আসছি। অনেকে ভুলে যাচ্ছেন—ইংল্যান্ডে আমি তরুণ দল নিয়ে সিরিজ ড্র করিয়েছি। অনেকে নিউজিল্যান্ড নিয়ে কথা বলেন, কিন্তু ভুলে যান আমি চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জেতানো সেই একই কোচ।”

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজে ফর্মে থাকা অধিনায়ক রিশভ পান্তকে নিয়েও প্রশ্ন ওঠে। দুই ম্যাচে পান্তের সংগ্রহ মাত্র ৪৯ রান, গড় ১২.২৫।গম্ভীর জবাবে বলেন, “আমি সবার কাছ থেকেই আরও বেশি আশা করি—নিজের কাছ থেকেও। একজনকে নয়, সবাইকে দায় নিতে হবে। মানসম্মত দলের বিপক্ষে টেস্ট জিততে হলে প্রত্যেকেরই ভালো করা জরুরি। একটি শট বা একজনকে কখনও দায়ী করি না।”

গম্ভীরকে জিজ্ঞেস করা হয় ভারতের টেস্ট দলে কোন কোন ক্ষেত্র তাৎক্ষণিকভাবে ঠিক করা প্রয়োজন। জবাবে তিনি বলেন, সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত টেস্ট ক্রিকেটকে, “টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিতে শুরু করতে হবে, যদি আমরা সত্যিই টেস্ট ক্রিকেট নিয়ে সিরিয়াস হই। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এটা সামগ্রিকভাবে এমন একটি প্রক্রিয়া, যেখানে সবারই অংশীদার হওয়া প্রয়োজন। যদি আমরা সত্যিই টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিই, যদি চাই ভারত টেস্ট ক্রিকেটে এগিয়ে যাক, তাহলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সাম্প্রতিক ব্যর্থতার পরে গম্ভীর ও তার কোচিং স্টাফকে ঘিরে যখন সমালোচনা বাড়ছে, তখন প্রধান কোচ মনে করিয়ে দিলেন—এটা কাউকে দোষারোপ করার সময় নয়। তিনি বলেন, “শুধু খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ বা নির্দিষ্ট কাউকে দোষারোপ করে লাভ হবে না। যেমন আমি বললাম, আমরা বিষয়গুলো লুকিয়ে রাখতে পারি না। হোয়াইট বল ক্রিকেটে রান পেলেই যদি লাল বল ক্রিকেটে কী করেছি সেটা ভুলে যাই—এটা কখনই হওয়া উচিত নয়। টেস্ট ক্রিকেট হোয়াইট বল বা টি–টোয়েন্টি ক্রিকেটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। এখানে আলাদা দক্ষতা লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শক্ত মানসিকতার খেলোয়াড় দরকার—যা একটি সফল টেস্ট দলের জন্য অপরিহার্য। টেস্ট ক্রিকেটে সফল হতে সবচেয়ে দক্ষ বা ঝলমলে খেলোয়াড়ের প্রয়োজন নেই; বরং সীমিত দক্ষতার সবচেয়ে কঠিন মানসিকতার খেলোয়াড়ই সব পরিস্থিতিতে সফল হতে পারে।”

ভারত এরপর টেস্ট খেলবে আগামী বছরে আগস্টে শ্রীলঙ্কায়। এরপর নিউজিল্যান্ড সফর করবে তারা। তার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত